রজনীগন্ধার গুচ্ছটাও সঙ্গে নিও
একগুচ্ছ রজনীগন্ধা হাতে
যাওয়া উচিত ছিল তোমার কাছে ,
তবুও আমি তা পারি নি।
চলেছি আমি ঠিকই তবে উল্টো রাস্তায়
একহাতে বিধ্বংসী সিগারেট আর অন্য হাতে
স্কুল কলেজী কিছু ডিগ্ৰি বয়ে চলেছি
মৃত্যু পরোয়ানার মতো
এ দুয়ার থেকে ও দুয়ারে।
মড়ক লেগেছে বেঁচে থাকার চেষ্টার
এদিকে দেখো ওদিকে দেখো
একই মানচিত্র সকলের মুখে --- চাকরির !
জিঘাংসা আর লালসা বুভুক্ষা নিয়ে এসেছে
জীর্ণ পৃথিবীর বুকে ,
তোমার হাতে রজনীগন্ধা তুলে দেবো কোন সুখে !
বিবেকের দংশন আর সার্বিক চিৎকার
কান ছুঁয়ে পৌঁছবে না কি প্রাণে ?
একদিন নৈঃশব্দের জানালায় মাথা কূটে
নিঃশব্দে বলি হবো হয়তো,
তবু আমি জানান দিতে চাই
শুধু আমি নই বাঁচতে চায় অনেকে তো।
সে সময় না হয় লাশ কাটা ঘরে
একটু সময় দিও---
রজনীগন্ধার গুচ্ছটাও সঙ্গে নিও।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন