স্বাধীনতা

 স্বাধীনতা (II)


স্বাধীনতা তোমাকে দেখতে কেমন?

স্বাধীনতা তোমাকে খায় না মাখে ?

স্বাধীনতা তুমি আমার কে হও ---

মা-বাবা ভাই-বন্ধু না প্রতিবেশী ?

স্বাধীনতা তোমার আমার সম্পর্কটি কেমন?

ভালোবাসা, ঝগড়া মারামারি

নাকি স্নেহ মমতা মাখানো!

স্বাধীনতা তোমাকে ঠিক বুঝতে পারি না!

আমার কাছে একান্ত আপন হয়ে ধরা দাও স্বাধীনতা।

আমি তোমাকে ভাল করে চিনে বুঝে

একান্ত আমার করে পেতে চাই স্বাধীনতা!

তুমি কি আমার হবে না স্বাধীনতা?

তবে কেন এরা-ওরা-তারা কেড়ে নিতে চায়

আমার ইচ্ছার বিরুদ্ধে আমার স্বাধীনতা?

আমাকে দেগে দেয় ধর্ম-বর্ণ জাত-পাতের গন্ধমাদন দিয়ে!

আমার ইচ্ছার অধিকার আশা-আকাঙ্ক্ষা-ভালোবাসা

এগুলো কেড়ে নিতে চায় ইচ্ছে মতো কলুষ রঙে রাঙিয়ে!

আমার বাঁচার অধিকার, ভালোবাসার অধিকার

আমার খাওয়া পরার অধিকার, ভাল থাকার অধিকার

আমার দেশ ভক্তির অধিকার, ভাষা প্রেমের অধিকার

আমার জাত্যাভিমানের অধিকার, ধর্মপ্রেমের অধিকার

আমার মানবিক মননের স্বাধিকার---

 আমার নয়, হে আমার স্বাধীনতা?

হে আমার স্বাধীনতা তুমি আমাকে কি দিলে?

তুমি আমার কাছে কি চাও, তুমি আমার কে হও,

তোমার-আমার সম্পর্কটি কেমন---

আজো-তো বুঝলাম না, হে স্বাধীনতা!!

মন্তব্যসমূহ