ভালোবাসা ( সাত )
ছাতার সহাবস্থানে আমরা দুজন
ভিজব ভিজব করেও কোনোদিন ভেজা হয় নি ,
যদিও মন ভেজাভিজি হয়েছে অনেকদিন
তবু একই ছাতার তলায় বিশেষ আসা হয় না।
পুরোনো প্রেম নতুন বৈভবে দেখানো
আর শোভা পায় না ---
সময়ও হয়ে ওঠে না !
এখন দৈনন্দিন জীবনের দলাদলি
কেউ কাউকে ছাড়ে না ভালোবাসার একফালি।
ভালোবাসার এঁটো-কাঁটা, খুদ-কুঁড়ো
বাছতেই গাঁ উজাড় ----
সবাই চায় মুচমুচে ফ্রেস ,
কিন্তু দেবার ক্ষেত্রে তখন অসুস্থ নির্দেশ।
পুরোনো ইতিহাস ঘাঁটলে
নিজেকে বিকিয়ে ফেলার নির্ভেজাল
মানচিত্র খুঁজে পাওয়া যাবে ----
যা লোকমুখে প্রবাদ হয়ে গেছে ,
ভালোবাসাবাসির বাসি ভূগোলে ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন