জড়িয়ে আছি যে
জীবন টা শতছিদ্র পোষাকের মতো
সেলাই করতে করতে প্রাণ ওষ্ঠাগত
যত সেলাই করি তত ছিঁড়ে যায়
তবু ফেলে দেবার উপায় নেই,
মায়ায় জড়িয়ে আছি যে!
#
জীবন টা শতজীর্ণ দেওয়ালের মতো
পলেস্তরা করতে করতে প্রাণ বের হবার উপক্রম
এদিকে পলেস্তরা করি ওদিকে ঝরে পড়ে
হৃদয়ের চুণ বালি ইঁট ---
তবু একেবারে নতুন করার উপায় নেই
ঠেকনা দিয়ে যতদিন চলে,
দেনায় জড়িয়ে আছি যে!
#
তাই টেনে হিঁচড়ে জীবনটাকে চালিয়ে নিচ্ছি
যতদিন চলে জোড়াতালি দিয়ে চলুক না!
তারপর একদিন নিঃষ্পেষিত হতে হতে
নির্বিষ হয়ে পড়ব---
কেউ কিছু জানবে না
কেউ কোনো কথা বলবে না।
শুধু দয়া মায়া ধার দেনায়
জড়িয়ে আছি যে!
#
তাই এতো তাড়াতাড়ি হায়
চলে যাবার উপায় নেই যে!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন