সিম্পি তোমাকে দেবার জন্য
সিম্পি তোমাকে দেবার জন্য
জড়ো করেছি কিছু আশা
আর বুক ভরা ভালোবাসা।
সিম্পি তোমার জন্য
আমার জীবনে রাখা আছে
গীতি কবিতার মতো একনিষ্ঠ প্রেম।
জঘন্য নোংরা জঞ্জাল ঘাঁটা বাস্তব থেকেও
অতিকষ্টে সযত্নে লালিত আমার এ প্রেম ---
সুবাসিত সৌরভ ছড়াবে শুধু তোমার জন্য।
দিস্তা দিস্তা কাগজ জুড়ে কাব্য করতে পারো
নভেল লিখতে পারো হয়তো-বা ,
তাতে নোবেল জুটলেও জুটতে পারে
তবু আমি আর কারো নই , তোমার ছাড়া।
#
সিম্পি তোমাকে দেবার জন্য
জমিয়ে রেখেছি আমার বুকের রোমশ স্পন্দন।
প্রতিটি রোমকূপ তোমার জন্য লালায়িত,
তবু তোমার ঘুম ভাঙ্গে না একান্ত আমার জন্য।
এতোটা মৌরুসী ঘুম একবার-ও কি
বীতরাগ এনে দেয় না ---
অন্তত আমার জন্য ?
সার্বিক ভাবনা -চিন্তাগুলো
বুদবুদের মতো উবে গেছে কবে,
এখন শুধু তোমার আসার জন্য
নিজেকে প্রস্তুত রাখা।
হাট করে খোলা আছে দরজাটা ,
তোমার জন্য ----মলিনতাহীন অকৃত্রিম
একমুঠো ভালোবাসার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন