আমার একজন মূল্যবান শ্রোতা চাই
কবিতা পাঠের কর্মশালা অনেক তো হলো
আজ থেকে শুরু করা যাক
কবিতা শোনার কর্মশালা।
আমি শুনি তোমার কবিতা, তোমাদের-ও
তুমি শোনো আমার কবিতা, আমাদের-ও ।
কবিতাকে ভালোবেসে এসো না তৈরি করি
কবিতা শোনার কান ও মন।
#
এখন আমার একজন মূল্যবান শ্রোতা চাই
যিনি মৌনমুখরতা নিয়ে নিবিষ্ট থাকবেন
একান্তভাবে কবিতার ময়নাতদন্তে।
তারপর, আমার কবিতার কাটা-ছেঁড়া সাঙ্গ হলে
উপযুক্ত মূল্য দেবেন বিশেষণে- বিশ্লেষণে।
এখন আমরা সবাই কবি---
যখন-তখন কবিতার ফুলকি ছোটে।
কিন্তু ভালো শ্রোতা নই একজনও---
কবিতা কে ভালোবাসা দেবার ,
তবুও কবিতা ঝুলে থাকে ঠোঁটে সবার।
আমরা সবাই চাই আমার কবিতা শুনুক সবাই
অন্যের পাঠের সময় এই আমরাই শুধুই কপচাই।
তাই মূল্যবান শ্রোতা খুঁজে পেতে চাই
দূরবীন মাইক্রোস্কোপেও একজনও মেলেনি ভাই।
#
তাই কবিতা শোনার মূল্যবান কর্মশালা এখন-ই চাই।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন