খুব জানতে ইচ্ছে করে

 খুব জানতে ইচ্ছে করে


খুব জানতে ইচ্ছে করে

একটা পৃথিবী কি চাইতে পারি না

মায়ের আঁচলের মতো ?

যেখানে সমস্ত মলিনতা ঢেকে যায়

স্বস্তির আচ্ছাদনে।

#

হঠাৎ যদি দেখা যায়

রাস্তা এলোমেলো হয়ে গেছে

তখন কি হারিয়ে যেতে মানা আছে কারো?

আজকাল দুনিয়ার জানালাটা চ‌ওড়া হতে হতে

দরজা হয়ে গেছে, তবু চৌকাঠ ডিঙিয়ে---

পর্দার ওদিকে যাওয়া যায় না ,

চারিদিকে কেমন যেন একটা যুদ্ধ যুদ্ধ ভাব।

তাই তোমাকে যত‌ই বুক পকেটে

ভাঁজ করে রাখি না কেন,

মস্তির চাকায় পিষে 

লাশ বানিয়ে দিচ্ছো আমাকেও।

তবে বৃষ্টি কিন্তু নামবে

 এক চিলতে ছেঁড়া মেঘেতেই ,

যদিও জোচ্চোর সময় সবকিছু

চুরি করে নিয়ে গেছে ---

বেহিসেবী কপট ভালোবাসার আশ্বাসে।।

মন্তব্যসমূহ