মিসিং লিঙ্ক
সকলেই কথা দিয়েছে কিন্তু কেউ কথা রাখেনি!
#
মা বলেছিল ভয় কি আমি তো আছি।
বাবা বলেছিল স্বচ্ছদৃষ্টিতে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবি,
কখনো কোনো বাধায় ভয় পাবি না ---
আমি তোর সঙ্গে আছি।
গ্ৰাম বলেছিল সবুজ ঘাসে শিশিরের ছোঁয়ায়
মাটির সোঁদা গন্ধে সামনে তাকাবি
ভয় খাবি না আমি তো আছি।
বন্ধুরা বলেছিল মিছে কথা বলবি না
বললে আমি তোর বন্ধু না !
কোচ বলেছিল সোজা ব্যাটে খেলবি
সোজা কথা সোজা ভাবে বলবি,
হারার আগে হারবি না ---
আমি তোর পিছনে আছি।
বান্ধবী বলেছিল আমাকেও বলবি না
লুকিয়ে রাখবি গোপন ব্যথা ?
আমি তোর কেউ না !
গিন্নি বলেছিল আমি শুধু শয্যা সঙ্গিনী নই
ঘরণীও না, তোমার মনোসঙ্গিনী হতে চাই ---
সেই সুযোগ আমাকেও দেবে না ?
#
কিন্তু কেউ কথা রাখেনি সকলেই হারিয়ে গেছে,
না হয় আমাকে দূরে ঠেলে দিয়েছে ---
জীবনের কাঠিন্যমাখা দুঃসময়ে।
একই ছাঁচে ঢালা মনুষ্যত্ব,
আমার মনের ডনবৈঠকে আজ আমি অস্তমিত।
কি পেলাম কি পাইনি তার মিসিং লিঙ্ক খুঁজে ফিরছি।
পেটে ছুঁচোর ডন নাকি মনের ডনবৈঠক
কোনটি বেশি ব্যাপ্তি ঘটায় আবেগী আরাধনায় ---
খুঁজে চলেছি গতিশীলতায় ।
#
আমি শুধু খড়কুটো ধরে আছি মিসিং লিঙ্কে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন