আকাঙ্ক্ষা

 আকাঙ্ক্ষা


প্রকৃতির মতো নিষ্পাপ মুখ

ভালোলাগা-ভালোবাসার কোল থেকে তুলে নিয়ে

দিও না তাতে সুগন্ধী ধূপ।

ওকে ওর মতো থাকতে দাও

আমাকে আমার মতো ভাবতে দাও

এখন তোমরা থাকো নিশ্চুপ।

#

অনেক তো জ্বালিয়েছো

সময়ে-অসময়ে বেলা-অবেলায় ,

এবার না হয় বাড়তে দাও

সৌম্য স্নিগ্ধ অবহেলায়।

ও ওর মতো বেড়ে উঠুক

প্রাকৃতিক নিষ্পাপ শান্ত সৌন্দর্য্যে ,

তোমরা কেন অকারণ অহমিকায়

ওকে কলুষিত করো তীক্ষ্ণ নখর কদর্য্যে !

বিষ বাষ্প উত্তপ্ত উষ্ণায়নে

ওর সরল বিশ্বাসে গরল নিঃশ্বাস,

তোমরা ভরিয়ে দিয়েছো দাঁত-নখ বিছিয়ে

নগ্ন করেছো শ্যামল-সজীব-সবুজ বাতাস।

প্রকৃতির মতো নিষ্পাপ মুখগুলো

প্রাকৃতিক কৌমার্য্যে ভরা থাক,

ওখানে অরণ্য নয়, ধ্বংস হোক

কংক্রিটের লালসার সঙ্গে আকাঙ্ক্ষার হাঁকডাক।।

মন্তব্যসমূহ