ভ্রূণা তুমি ভেসে যাও

 ভ্রূণা তুমি ভেসে যাও

ভ্রূণা তুমি ভেসে যাও কালের গভীরে

মহাকালের পতন হোক কালের অতলে।

#

ভ্রূণা তুমি পৃথিবী শূন্য হ‌ও

ভ্রূণ বেঁচে থাকুক আগামীর

সমকামী পুরুষের গর্ভে!

গর্বিত হোক সমকামী পৌরুষ

গর্ভিত হোক সমকামী পুরুষ।

দেখো একটিও ভ্রূণ যেন ভ্রূণা না হয়

ভ্রূণা কে ভ্রূকুটি দেয় ভ্রূণ।

ভ্রূণার আর্তনাদ শোনা যায় ভ্যাট কিংবা

ভাগাড়ের উচ্ছিষ্টে আবর্জনার স্তূপে।

#

বিপদ ঘন্টা বেজে ওঠে কন্যাসন্তানের,

ঘরে-বাইরে পথে-ঘাটে।

শরীর ক্ষত-বিক্ষত করে তুই-ই তো

জন্ম দিয়েছিলি আগামীর ভ্রূণাকে।

সে তোকে প্রশ্ন করতেই পারে

কেন তুই আনলি আমাকে

নিজ শরীরের সর্বাঙ্গে ক্ষতের শত দাগ নিয়ে?

আমাকে ফিরিয়ে নে---

আগামীর গর্ভে বলি হবার আগে।

ভ্রূণা হতে রাজি ন‌ই ভ্রূণ হতে চাই আমি

আমাকে ফিরিয়ে দাও সেই ভ্রূণে।

#

ভ্রূণা তুমি ভেসে যাও কালের গভীরে

ভ্রূণ বেঁচে থাকুক পুরুষের আগামী গর্ভে।।

মন্তব্যসমূহ