এই আমাদের পৃথিবী

 এই আমাদের পৃথিবী 

কেউ ফিরে তাকাচ্ছে না জীবিত লাশগুলোর দিকে 

কিন্তু মৃত লাশের জন্য সবাই কাঁদছে,

ঢেউ উঠছে কান্নার।

থমথমে আবহ গুনছে প্রহর

আমাদের মতো জীবিত লাশগুলোর জন্য।

সময় শুধু গুণে যাচ্ছে ঢেউ 

জীবিত লাশগুলো কবে মৃত লাশ হবে 

জানেনা তা কেউ---

তখন উঠবে কান্নার উচ্ছল ঢেউ!

শবদেহের কানায় কানায় উপছে পড়বে 

ভাল ভাল শব্দ বন্ধের জারিত বাক্যবিন্যাস,

যত প্রেম উপছে পড়বে মৃত লাশের নিষ্প্রাণ দেহে!

এখন আয়নার মতো বন্ধু চাইছে 

জীবিত লাশগুলো বৃদ্ধাবাসের কোটরে-ও

কারণ আয়না মিথ্যা বলে না।

কিন্তু ফ্যামিলি মেটসদের কাছে 

ফ্যামিলি টাইম পাওয়া যায় নি কখনো,

স্ক্রিন টাইম চাপে রাখে সবসময় ফ্যামিলি টাইম কে

তাই ফ্যামিলি টাইম ফাঁকা পায়নি জীবিত লাশগুলো,

স্ক্রিন টাইম ফ্যামিলি টাইমের থেকে বেশি উপাদেয়।

জীবিত লাশগুলোর এখন ছায়ার মতো বন্ধু দরকার 

যে কখনো ছেড়ে যায় না,

কিন্তু স্ক্রিন টাইমের টাইম নেই ছায়া হ‌ওয়ার

হাতের তালুতে পৃথিবী, সময় কোথায় স্ক্রিন টাইমের---

জীবিত লাশ কে দেখার?

মৃত লাশের জন্য স্বার্থপর সময় কে

তবু একটু শেয়ার করা যায় ফ্যামিলি টাইমের স্বার্থে।

শবদেহের কানায় কানায় তখন যেন

ফ্যামিলি টাইমের প্রাণ উপছে পড়ছে 

ঢেউ উঠছে কান্নার!!

মন্তব্যসমূহ