সংরক্ষণ হোক মনুষ্য মহীরূহের

 সংরক্ষণ হোক মনুষ্য মহীরূহের


আর কতো অপেক্ষা করবো বীজ থেকে মহীরূহের ?

নির্বীজকরণ প্রকল্প তো চলছে না---

মহীরূহ উৎপাদনের !

তবে কেন মানুষের মতো 

মানুষ হতে চাওয়া মুখগুলো কে 

দেখতে পাইনি অনেক দিন।

অপেক্ষায় আছি দীর্ঘশ্বাস নিয়ে 

অবিশ্বাসী কিন্তু প্রত্যয়ের সঙ্গে।

তবু কেন প্রত্যয়ী মানুষগুলো 

মেরুদন্ড সোজা না রেখে 

ভাঁজ করে গুটিয়ে রেখেছে নিপীড়িত 

নিষ্পেষিত শরীর ও মানসিকতায়।

#

ভালো মা কি নেই 

ভালো সন্তান উৎপাদনের ?

মেরুদন্ড সোজা রাখা মানুষ এখন তুমি কোথায়?

মানবিক মুখগুলো কি হারিয়ে গেছে!

তবে কেন হিংসা আর লালসার শিকার হচ্ছে 

ছোট্ট শিশু থেকে বৃদ্ধা মেয়েমানুষ?

তবে কি বীজ ভালো নয় প্রজন্ম বিস্তারের ---

তাই কি মেরুদন্ড গুটিয়ে যায় ভাঁজ হয়ে!

ভাইয়ের হাতে ভাই খুন হয় অর্থ সম্পত্তির লোভে,

মানুষের হাতে মানুষ লাশ হয়ে ফেরে

মুক্তি পণের লোভে।

মানুষের হাতে মানুষী খুন হয় 

শেষ হয়ে যায় লোভ-লালসার পরে,

তাই বৃদ্ধাশ্রম নয়, মানবিক মুখ চাই

ভাঁজ করে গুটিয়ে রাখা মেরুদন্ডের জন্য।

#

মানুষ হতে চাওয়া মুখগুলোর জন্য 

আর কতো হা-হুতাশ করবো বলো,

আগামী প্রজন্মের বীজ সংরক্ষণ হোক 

মনুষ্য মহীরূহের।।


১৬ মে,২০১৫ পাদুকালয় মেমারি স্টেশন বাজার/ ১ জ্যৈষ্ঠ,১৪২২

মন্তব্যসমূহ